শরীয়তপুরের ডামুড্যায় যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল ধারায় যুক্ত করার লক্ষ্যে যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদযাপিত হয়েছে।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, যিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডামুড্যার কোনশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন,
“খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে যুবকরা শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত কাজের মানসিকতা অর্জন করে।”
তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,
“জয়-পরাজয় বড় কথা নয়। খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও শালীনতা প্রকাশ করাই আসল সাফল্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে মাঠজুড়ে উপস্থিত দর্শকেরা উচ্ছ্বাসে পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলেছিলেন। আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন চলমান থাকবে, যা যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে সহায়ক হবে।



মন্তব্য করুন