বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা ‘আগে হবে প্রজ্ঞাপন, পরে হবে নির্বাচন’ স্লোগান দেন। বক্তারা বলেন, নির্বাচনের পূর্বেই নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে সরে দাঁড়াতে তারা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দাবি দ্রুত পূরণ না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলেও ঘোষণা দেন তারা।
শরীয়তপুর সদর উপজেলা কর্মচারী ক্লাবের সভাপতি এফএম নাজমুল হাসান বলেন, “নবম জাতীয় পে-স্কেল একটি যৌক্তিক ও সময়োপযোগী দাবি। এটি বাস্তবায়ন হলে সরকারি সেবার মান আরও বাড়বে। কিন্তু বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় আমরা হতাশ।”

সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম বলেন, “দ্রুত গেজেট প্রকাশ করে বৈষম্যহীন নবম জাতীয় পে-স্কেল কার্যকর না করা হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”