শরীয়তপুরের জাজিরা উপজেলায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা উল্টে পপি রানী পাল (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী কৃষ্ণ পাল (৩৫) ও ছয় বছর বয়সী কন্যা পৃথা পাল আহত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকার মোল্লা বাড়ির মোড় সংলগ্ন সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পপি রানী পাল ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর গ্রামের পরেশ চন্দ্র পালের মেয়ে। দুর্ঘটনার সময় তিনি স্বামী ও কন্যাকে নিয়ে কুমিল্লা–থ ১২–৬৫৮৭ নম্বরের একটি সিএনজিযোগে নাওডোবা থেকে শরীয়তপুর যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপের সঙ্গে ক্রসিং করার সময় সিএনজিটি অতিরিক্ত গতিতে ছিল। ওভারটেকিং করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের বাঁশঝাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িটিতে চালকসহ সাতজন আরোহী ছিলেন, যা অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি।
স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে থাকা সেনাসদস্যরা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও শিশুকন্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের সময় নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।