শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শনিবার ডামুড্যা পৌরসভায় নির্বাচনী প্রচারণার সময় ঘোষণা করেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের নারীদের জন্য ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “নারীরা শুধু পরিবার নয়, রাষ্ট্র পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। বর্তমান পরিস্থিতিতে তারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আসবে।”
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জানান, এই ৩১ দফার মধ্যে নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, নারীদের জন্য নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রণোদনা দেওয়া হবে। এছাড়াও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সমান মজুরি ও মর্যাদা নিশ্চিত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন