দেশের সব স্তরের মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা দেড় মাসের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এই ছুটি কার্যকর হয়ে চলবে ২৬ মার্চ পর্যন্ত।
তবে ক্যালেন্ডারের হিসেবে ছুটি ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা মূলত ১১ ফেব্রুয়ারি থেকেই বিরতি পাচ্ছে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাধারণ ছুটি এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় ১০ ফেব্রুয়ারির পরই বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসার দরজা। সব মিলিয়ে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মাদ্রাসাগুলোতে ৩০ দিন ছুটি বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের বিশেষ ছুটি ও সাপ্তাহিক বন্ধ এর সঙ্গে যুক্ত হওয়ায় এই বিরতি ৪৫ দিনে ঠেকেছে। ২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসাগুলোতে সর্বমোট ৭০ দিন ছুটি নির্ধারিত রয়েছে, যা গত বছরের তুলনায় ৫ দিন কম।
সাধারণ স্কুল ও কলেজের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসে টানা ছুটির সুযোগ থাকছে। সেখানে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৫ দিন ছুটি থাকলেও মাদ্রাসার ক্ষেত্রে ১৫ তারিখ থেকে রমজানের দীর্ঘ ছুটি শুরু হয়ে যাওয়ায় তারা দীর্ঘমেয়াদি বিরতির সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রকাশিত এই সরকারি প্রজ্ঞাপনটি দেশের সরকারি আলিয়া মাদ্রাসাসহ সকল বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য প্রযোজ্য হবে।

মন্তব্য করুন