ধানের শীষ প্রতীক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে শরীয়তপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সোমবার ডামুড্যা উপজেলার ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একসঙ্গে মাঠে নেমেছেন। আজকের জনসভাই তার প্রমাণ। তিনি দাবি করেন, এটি শুধু শরীয়তপুর নয়, সারাদেশের রাজনৈতিক ইতিহাসেও বিরল উদাহরণ।
তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। এক দলের নেতাকর্মীরা অন্য দলের প্রার্থীর পক্ষে এভাবে মাঠে নামা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা।
জনসভায় বক্তব্যে তিনি বলেন, “আমি রাজনীতি করতে নয়, মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি। নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এর আগে সকালে তিনি গোসাইরহাট উপজেলার কোদালপুরে জেলার সম্মিলিত ইমাম-খতিব পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। পরে তিনি কোদালপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাতে জনসভা শেষে তিনি ডামুড্যার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থল ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে এবং পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।



মন্তব্য করুন