ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো: সফিকুর রহমান কিরন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,২৯,৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন বকাউল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০,৮৯২ ভোট। ফলে ৫৮,৯২২ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। ফলাফল ঘোষণার পর নড়িয়া ও সখিপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সংগ্রাম থেকে জননেতা: এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া সফিকুর রহমান কিরন শৈশবে পিতৃহারা হন। জীবনের কঠিন বাস্তবতা তাকে দমিয়ে রাখতে পারেনি; বরং মানবিকতা ও জনকল্যাণের আদর্শে উজ্জীবিত করেছে। কৈশোর থেকেই চরাঞ্চল ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তার রাজনৈতিক ও সামাজিক পথচলা শুরু।
স্কাউট আন্দোলনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। প্রায় এক দশক ছাত্র রাজনীতির অভিজ্ঞতার পর স্থানীয় মানুষের আহ্বানে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হন। মাত্র ৩১ বছর বয়সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া তার রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়। দীর্ঘ ৩৪ বছরের জনসম্পৃক্ত রাজনীতিতে শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়েছেন বলে তার সমর্থকদের দাবি।

উন্নয়নের অঙ্গীকার: নির্বাচনী প্রচারণায় তিনি সখিপুরকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর, নড়িয়া–সখিপুরে বন্দর ও স্পেশাল ইকোনমিক জোন স্থাপন, জাজিরা–নড়িয়া–সখিপুর সড়ক উন্নয়ন, নড়িয়া ব্রিজ দ্রুত সম্পন্ন, ১০০ শয্যার হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড-স্টোরেজ এবং নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পদ্মার পাড়ে ওয়াকওয়ে নির্মাণ ও পর্যটন উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন।

পেশায় একজন ব্যবসায়ী হিসেবে জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পরপর ছয়বার ‘Commercially Important Person (CIP)’ হিসেবে ঘোষিত হয়েছেন। প্রবাসে কর্মী প্রেরণ ও রেমিট্যান্স অর্জনেও তার ভূমিকার কথা উল্লেখ করা হয়।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সফিকুর রহমান কিরন বলেন,“এই বিজয় নড়িয়া–সখিপুরবাসীর। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে এবং ধন্যবাদ জানাই এলাকার প্রতিটি ভোটারকে। প্রতিশোধ নয়, উন্নয়ন ও মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ শরীয়তপুর গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”

জনতার রায়ে আবারও সংসদে যাচ্ছেন সফিকুর রহমান কিরন। এখন এলাকাবাসীর প্রত্যাশা—নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে নড়িয়া–সখিপুরে উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।