আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া সংসদীয় রাজনীতির নতুন অধ্যায়কে সামনে রেখে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একে ‘জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই’ হিসেবে অভিহিত করেছেন।

জামায়াত আমির তার পোস্টে লেখেন, “জুলাই অভ্যুত্থানের লাল রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়।” নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবার সংসদে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। শপথের পর জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।