বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গেজেটে এই তথ্য জানানো হয়েছে। গেজেট অনুযায়ী, সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফা মোতাবেক তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি কমিশনের কাছে তার স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন। সেখানে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করায় বগুড়া-৬ আসনটি একই তারিখ থেকে শূন্য হয়ে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান একযোগে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বড় ব্যবধানে জয়ী হন। নিয়ম অনুযায়ী, একাধিক আসনে বিজয়ী প্রার্থীকে শপথ গ্রহণের আগে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়।

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনটি তিনি নিজের কাছে রাখায় এখন ওই আসন থেকেই তিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।