বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার বিকেলে শপথ নিতে যাওয়া মন্ত্রিসভার সদস্যদের তালিকায় তার নাম অন্যতম চমক হিসেবে দেখা দিচ্ছে।

এর আগে আজ সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এরপর বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ড. খলিলুর রহমান ২০২৪ সাল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাদার কূটনীতিক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে তারেক রহমান তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে যাচ্ছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭৯ সালে তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেন। এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং টাফটস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন।

তার দীর্ঘ কর্মজীবনে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা এবং নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবেও তিনি কাজ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার কারণেই নতুন সরকার তাকে পররাষ্ট্র নীতির হাল ধরতে বেছে নিয়েছে।