তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার এই দপ্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবদুল মান্নান পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে ইশরাককে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব এবং মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ের সংগ্রামে ইশরাকের পূর্বের সক্রিয় ভূমিকা এই নির্বাচনে নিয়ামক হিসেবে কাজ করেছে।

আজকের শপথ অনুষ্ঠানে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে মোট ৪৯ জন শপথ নিয়েছেন (তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ৫০)। ইশরাকের পাশাপাশি তরুণ নেতৃত্বের মধ্যে নুরুল হক নুর, জোনায়েদ সাকি ও ববি হাজ্জাজও প্রতিমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। শপথ গ্রহণ শেষে ইশরাক হোসেন জানান, “বাবার উত্তরসূরি হিসেবে মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য।”