পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

স্বাধীনতার পর এই প্রথম পঞ্চগড়-২ আসন থেকে বিএনপির কোনো নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেন। ফরহাদ হোসেন আজাদ বর্তমানে বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত সফিউল আলম পান ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এর আগে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হয়েছিলেন।

ছাত্র রাজনীতির মধ্য দিয়ে উঠে আসা ফরহাদ হোসেন আজাদ রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুজিব হলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ক্রীড়াঙ্গনেও সক্রিয়; বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করছেন তিনি।

শপথ গ্রহণ শেষে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই হবে তার প্রাথমিক লক্ষ্য।