ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের দপ্তর বণ্টনের মাধ্যমে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা তাঁর নাটকীয় রাজনৈতিক যাত্রার এক নতুন অধ্যায় সূচিত হলো।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে ‘গুম’ হওয়ার ৬২ দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে উদ্ধার হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ। অনুপ্রবেশের দায়ে সেখানে প্রায় নয় বছর আইনি লড়াই ও নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৪ সালের ১১ আগস্ট দেশে ফেরেন তিনি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের নীতি-নির্ধারণী পদে আসীন হলেন তিনি।

সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত সময় ছিল ২০১৫ সালের রাজনৈতিক অস্থিরতা। তৎকালীন বিরোধী দল বিএনপির শীর্ষ নেতারা যখন কারাগারে বা আত্মগোপনে, তখন অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে আন্দোলনের সমন্বয়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। ওই বছরের ১০ মার্চ রাতে নিখোঁজ হওয়ার পর তাঁর সন্ধান পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পরিবার ও দলকে। পরবর্তীতে ভারতের আদালতে অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত হলেও ২০২৩ সালে সব মামলা থেকে খালাস পান তিনি।

পেশাগত জীবনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তিনি কক্সবাজার থেকে সংসদ সদস্য এবং পরে প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। প্রশাসন ও আইন প্রণয়নের দীর্ঘ অভিজ্ঞতা এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কতটুকু প্রতিফলন ঘটাতে পারে, তা-ই এখন দেখার বিষয়।