ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী নতুন মন্ত্রিসভায় সিরাজগঞ্জ জেলা থেকে একসঙ্গে স্থান পেয়েছেন মামা ও ভাগনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং তাঁর ভাগনে ড. এম এ মুহিত তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে এই দপ্তর বণ্টন করা হয়। সিরাজগঞ্জ-২ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগে ২০০১ সালের জোট সরকারে বিদ্যুৎ ও কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাঁর বাবা আব্দুল্লাহ আল মাহমুদও পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েই চমক দেখিয়েছেন ড. এম এ মুহিত। তিনি ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ড. মুহিত সাবেক উপ-প্রধানমন্ত্রী ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের সন্তান।

সিরাজগঞ্জের ইতিহাসে একই সঙ্গে জেলা থেকে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পাওয়ার ঘটনা এটিই প্রথম। এই খবর ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিশেষ করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই জেলার শিল্প ও জ্বালানি খাতের উন্নয়নে এই দুই নেতার ভূমিকা নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই অনন্য অর্জনে জেলাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীরা মনে করছেন, অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের এই সমন্বয় সিরাজগঞ্জের উন্নয়নে নতুন গতি আনবে।