শরীয়তপুর-২ আসনে নির্বাচনি সহিংসতায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর শহরের চৌরাঙ্গী এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেন অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করায় আরশীনগর এলাকায় দলীয় কর্মী ইব্রাহিম খলিল ও মানিক বালার ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয় যুবদল নেতা আফজাল বালা ও তার সহযোগীরা এই হামলায় জড়িত বলে তিনি উল্লেখ করেন।

মকবুল হোসেন জানান, নির্বাচনের পর জামায়াত প্রার্থী মাহমুদ হোসেন জয়ী বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণের সঙ্গে সাক্ষাৎ করে এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন। ওই সময় সহিংসতার পথ পরিহারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বিএনপি নেতা-কর্মীরা তা লঙ্ঘন করছেন।

ভুক্তভোগী জামায়াত কর্মী মানিক বালা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার কার্যালয়ে হামলা চালিয়ে তাকে আটকে রাখা হয় এবং অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং স্থানীয় রাজনীতিতে সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।