মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইংরেজি তারিখ ২১ ফেব্রুয়ারির পরিবর্তে বাংলা পঞ্জিকা অনুযায়ী ‘৮ ফাল্গুন’ পালনের প্রস্তাব দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন।
সংসদ সদস্য মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, বাংলা ভাষার জন্য রক্ত দেওয়ার ঐতিহাসিক দিনটি ছিল ৮ ফাল্গুন। কিন্তু দীর্ঘ সময় ধরে দিবসটি ইংরেজি তারিখ অনুযায়ী পালন করা হচ্ছে। বর্তমান সরকারকে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে। ৮ ফাল্গুন পালনের মাধ্যমেই ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সাঈদী আরও উল্লেখ করেন, একুশের চেতনা কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সর্বস্তরে ধারণ করা প্রয়োজন। অন্যায়ের কাছে মাথা নত না করার যে শিক্ষা একুশ দিয়েছে, তা ব্যক্তি ও জাতীয় জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

মন্তব্য করুন