শরীয়তপুরের নড়িয়ায় বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এই হামলার শিকার হন তিনি। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন যুবদল সভাপতি মিজান শিকদারের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, স্কুল শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। পথে মিজান শিকদারসহ অন্তত ১০ জন তার গতিরোধ করে তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী শিক্ষক জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে এই পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মফিজুর রহমান স্বপন জানান, আহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার ডান হাতটি ভেঙে গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আগামীকাল মানহানির মামলা করব।”
নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন