জনস্বাস্থ্য সুরক্ষা ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের ঝুঁকি এড়াতে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) এই বিধিনিষেধের বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গালফ প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি এবং রোগতাত্ত্বিক ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হয়েছে। মূলত উচ্চমাত্রার বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব ঠেকাতেই রিয়াদ এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
সম্পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, মিসর, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্সসহ ১৬টি দেশের নির্দিষ্ট কিছু এলাকা থেকে আমদানির ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে তাপপ্রক্রিয়াজাত (হিট-ট্রিটেড) মুরগির মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। শর্ত হিসেবে বলা হয়েছে, এসব পণ্যের সঙ্গে অবশ্যই আমদানিকারক দেশের সরকারি সনদ থাকতে হবে, যা নিশ্চিত করবে যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ভাইরাস ধ্বংস করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য পরিস্থিতির ওপর ভিত্তি করে নিয়মিত এই নিষেধাজ্ঞা পর্যালোচনা করা হবে।

মন্তব্য করুন