বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মোস্তাকুর রহমান এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা ফরেক্স রিজার্ভ, ট্রেজারি ম্যানেজমেন্ট এবং ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। দেড় বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে এই পরিবর্তন এল। নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়।