শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় চমক দেখিয়েছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এ সামাদ ইসলামিক একাডেমি। মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করেছে তাদের একাডেমিক উৎকর্ষ ও ধারাবাহিক সাফল্যের শক্ত ভিত।

একাডেমি সূত্রে জানা গেছে, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ জন ও জেনারেল গ্রেডে ১ জন শিক্ষার্থী কৃতিত্ব দেখিয়েছে। অন্যদিকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৪ জন এবং জেনারেল গ্রেডে ৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়ে সাফল্যের পালকে নতুন মাত্রা যোগ করেছে।

এই অসাধারণ অর্জনকে ঘিরে বৃহস্পতিবার (২৬ তারিখ) সকাল ১১টায় একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা আলহাজ কামাল হোসেন ঝন্টু সিকদার বলেন, “সুশিক্ষা, নৈতিকতা ও কঠোর পরিশ্রম—এই তিনের সমন্বয়েই আমাদের শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করেছে।” তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি জামাল হোসেন মিথুন সিকদার, চিফ অ্যাডভাইজার রফিকুল ইসলাম মিন্টু, প্রধান শিক্ষক মুহাম্মাদ জাফর আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, আশিকুজ্জামান জুলহাস, মাওলানা আবু বকর ছিদ্দীক, ওসমান গণি, নোমান ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনরা জানান, ডামুড্যার শিক্ষা অঙ্গনে এ সামাদ ইসলামিক একাডেমি এখন আস্থার প্রতীক। তাদের মতে, প্রতিষ্ঠানটির এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, পুরো উপজেলার জন্যই গর্বের।