শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অবস্থিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে জেলায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ৪৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৫ জন এবং জেনারেল গ্রেডে ২৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছে। একক প্রতিষ্ঠান হিসেবে এটিই জেলায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্তির গৌরব, যা শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানের এমন সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পাঠদান, মানসম্মত শিক্ষাব্যবস্থা, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এ সাফল্যের মূল ভিত্তি।

কৃতিত্বপূর্ণ এ ফলাফলে কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—সকলের আন্তরিক পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও আমরা এ সাফল্যের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।”

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো জেলার শিক্ষা অগ্রগতির ইতিবাচক বার্তা বহন করছে।