ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পিআইও কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের ফেনী-নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফারুক আহাম্মদের নেতৃত্বে আট সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার নোটের নতুন বান্ডিলে মোট ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ছুটিতে যাওয়ার পথে বিষয়টি জানতে পেরেছেন।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রকল্পের বিল পাসের বিনিময়ে এই ঘুষ গ্রহণ করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর সোনাগাজী উপজেলা চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন