দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে করের পরিধি বাড়ানো এবং বিনিয়োগ ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জমি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, “অর্থনীতি এখন একটি সংকটময় মুহূর্ত পার করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কর বাড়াতে হবে। একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, কারণ বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, নতুন কর্মসংস্থান তৈরি এবং শিক্ষার মানোন্নয়ন বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার।
চট্টগ্রামের স্বাস্থ্যসেবা নিয়ে মন্ত্রী জানান, মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি বিশেষায়িত জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। দক্ষ জনশক্তির ঘাটতি মেটাতে বড় পরিসরে অবকাঠামো গড়ে তোলার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা হচ্ছে। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার ‘১১-তে ১১’ বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন