শরীয়তপুরের নড়িয়ায় হামলায় আহত প্রধান শিক্ষক নুরুল আমীন রতনকে তার নিজ বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন।
শনিবার দুপুরে নড়িয়া উপজেলার নশাসন এলাকায় তার নিজ বাসভবনে গিয়ে আহত শিক্ষকের শারীরিক অবস্থার খোঁজ নেন এমপি কিরন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, একজন শিক্ষকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আহত শিক্ষকের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তার ডান হাত ভেঙে যায়। ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।