শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাঁধের একটি অংশে এ ফাটল দেখা দেয়।

ফাটলের খবর ছড়িয়ে পড়ার পর নদীতীরবর্তী এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় ঘাট এলাকার কয়েকজন ব্যবসায়ী দোকানপাটের মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরে সুরেশ্বর মাছঘাট এলাকার তীররক্ষা বাঁধে ফাটল দেখা দেয়। পরে ফাটলের অংশ ধীরে ধীরে বড় হতে থাকলে ঘাটের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ার আশঙ্কায় অনেকে আগেভাগেই গুরুত্বপূর্ণ মালামাল অন্যত্র সরিয়ে নেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বাঁধের ফাটল দেখা দেওয়া বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

স্থানীয় বাসিন্দা সোহান মুন্সি বলেন, ফাটল দেখা দেওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে অনেকে দোকানপাটের মালামাল সরিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ফজলুল হক নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, নদীর পানির স্রোত তীরের কাছাকাছি হওয়ায় বাঁধের নিচ থেকে মাটি সরে গেছে বলে তাঁদের ধারণা। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বাঁধের বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। ফাটলের কারণ ও ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতির অবনতি ঠেকানো এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।