বাংলাদেশ চলচ্চিত্রে জনপ্রিয় তিন অভিনয়শিল্পী একসঙ্গে কাজ করেও পারিশ্রমিক নেননি—এমন ঘটনা খুব বেশি নেই। নির্মাতা কাজী হায়াতের আলোচিত সিনেমা ‘ইতিহাস’-এ এমন ঘটনাই ঘটেছিল। সিনেমাটিতে অভিনয়ের জন্য মৌসুমী, মিজু আহমেদ ও ডিপজল কেউই কোনো পারিশ্রমিক নেননি বলে জানিয়েছেন নির্মাতা।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে সিনেমাটি নির্মাণের সময়ের নানা অভিজ্ঞতা তুলে ধরেন কাজী হায়াৎ। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘ইতিহাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর ছেলে কাজী মারুফের।
সিনেমাটিতে মৌসুমীর অভিনয় প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ছবিটিতে তাঁর চরিত্রের বিপরীতে কোনো নায়ক ছিল না। ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন একটি চরিত্রে অভিনয় করা অনেক নায়িকার জন্যই কঠিন হতে পারত। তবে মৌসুমী সেই চরিত্রে অভিনয়ে সম্মতি জানান এবং কাজটি করেন।
নির্মাতা জানান, সিনেমাটির বেশ কিছু অংশ তাঁর নিজের বাসাতেই শুটিং করা হয়েছিল। অনেক সময় মৌসুমী শুটিংয়ের জন্য বাসায় এসে পৌঁছালেও সেদিন আর তাঁর কোনো দৃশ্য ধারণ করা সম্ভব হয়নি। তারপরও বিষয়টি নিয়ে তিনি কোনো ধরনের বিরক্তি প্রকাশ করেননি বলে জানান কাজী হায়াৎ।
মৌসুমীর সহযোগিতার কথা উল্লেখ করে নির্মাতা বলেন, ‘ইতিহাস’ সিনেমায় তিনি বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন। একইভাবে মিজু আহমেদ ও ডিপজলও সিনেমাটিতে কাজ করার জন্য কোনো পারিশ্রমিক নেননি।
কাজী হায়াতের ছেলে কাজী মারুফের চলচ্চিত্রজীবনের সূচনাও হয়েছিল এই সিনেমার মাধ্যমে। ছবিটি মুক্তির পর এর অভিনয়শিল্পী ও নির্মাণ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।

মন্তব্য করুন