এলপিজির দাম বাড়ানোর পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করে রোববার সন্ধ্যা থেকেই তা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। অর্থাৎ এক লিটারে দাম বেড়েছে ১০ টাকা ৯১ পয়সা।

বিইআরসি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

অটোগ্যাসের পাশাপাশি রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাসের নতুন দাম কার্যকর হওয়ায় গ্যাসচালিত যানবাহনের পরিচালন ব্যয়ও বাড়বে। এর প্রভাব গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির যাতায়াত খরচে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।