ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে অংশ নিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার দুপুর সাড়ে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

সফরে স্পিকারের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

তানজানিয়ায় আগামী ৫ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে আইপিইউর ১৫৩তম সম্মেলন। সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও আলোচনায় অংশ নেবেন স্পিকার।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যরা সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন সভাপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাটির নেতৃত্বে পরিবর্তন আসবে।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে স্পিকারের এই সফরে বিভিন্ন দেশের আইনপ্রণেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।