ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বিলম্ব মেনে নেওয়া হবে না। প্রশাসনিক জটিলতার অজুহাতে নিয়োগ প্রক্রিয়া আটকে রেখে তরুণদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েমের দাবি, গত তিন বছর ধরে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। চলতি বছরের এপ্রিলেই এনটিআরসিএ ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তালিকা প্রকাশ করেছিল। এরপর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, প্রশাসনিক জটিলতার কথা বলে বারবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে এবং সিদ্ধান্তও একাধিকবার পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ডাকসু ভিপি আরও বলেন, সেপ্টেম্বরে প্রকাশিত আইএমএফের ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ সাময়িকীর একটি প্রতিবেদনে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের বিষয়টি উঠে এসেছে। তাঁর দাবি, প্রতি ১০০ জন উচ্চশিক্ষিত তরুণের মধ্যে ৩৬ জন বেকার—এমন পরিস্থিতিতে বিপুলসংখ্যক পদ শূন্য থাকার পরও নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি আটকে রাখা তরুণদের জন্য উদ্বেগের।
সাদিক কায়েম বলেন, নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও সিদ্ধান্ত পরিবর্তনের কারণে সময়ক্ষেপণ হচ্ছে। কিন্তু চাকরিপ্রার্থীদের বয়স থেমে নেই। প্রশাসনিক ব্যর্থতা ও সিদ্ধান্তহীনতার কারণে তরুণদের যেন ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বিলম্ব না করে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, অক্টোবরের মধ্যেই শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

মন্তব্য করুন