দুর্গাপূজা উপলক্ষে আগামী ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এ দাবিতে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া।
চিঠিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে বর্তমানে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করা হচ্ছে। সংকটকালীন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া উদ্যোগে সহযোগিতা করে আসছেন।
তবে বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব চলছে বলে উল্লেখ করেছে দোকান মালিক সমিতি। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে চাপে পড়েছেন বলেও চিঠিতে দাবি করা হয়।
সংগঠনটি জানায়, ঈদ ও পূজার মতো বড় উৎসবের আগে দোকানপাট খোলার সময় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। সাধারণত এসব উৎসবকে কেন্দ্র করে বাজারে বেচাকেনা বাড়ে। তাই উৎসবের সময়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সময় খোলার সুযোগ দেওয়া হলে ব্যবসায়ীরা লাভবান হবেন বলে মনে করছে তারা।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে দুর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলার অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দোকান মালিক সমিতির মতে, পূজার সময়ে দুই ঘণ্টা অতিরিক্ত ব্যবসার সুযোগ পেলে বিক্রি বাড়তে পারে। এতে দীর্ঘদিনের বেচাকেনার মন্দার মধ্যে থাকা ব্যবসায়ীদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করছে সংগঠনটি।

মন্তব্য করুন