তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। ঘোষিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য বৃদ্ধি, জাহাজের ভাড়া এবং এলপিজি পরিবহনে ব্যবহৃত যানবাহনের ডিজেলের দাম বাড়ার প্রভাবেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

তবে গত দুই সপ্তাহ ধরে দেশের এলপিজি বাজারে সরবরাহ ও দামের ক্ষেত্রে অস্থিরতা দেখা দিয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগও উঠেছে। সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৫৮৫ টাকা থাকলেও কোথাও কোথাও তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়ার সম্ভাবনা দেখা দেওয়ার পর পাঁচটি কোম্পানি ২২ সেপ্টেম্বর থেকে সরবরাহ প্রায় বন্ধ করে দেয়। নতুন দামে বাজারজাত করার উদ্দেশ্যে তারা বিপুল পরিমাণ এলপিজি মজুত করে রেখেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম প্রতি টনে ৬৪ ডলার পর্যন্ত বেড়েছে। তবে দেশে এলপিজির সরবরাহ ঘাটতি হওয়ার মতো পরিস্থিতি নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, আগস্টে দেশে ১ লাখ ৫৮ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। সেপ্টেম্বরেও আমদানি হয়েছে প্রায় ১ লাখ ৫৬ হাজার টন। ফলে আমদানির পরিমাণ বিবেচনায় বাজারে প্রকৃত সরবরাহ সংকট থাকার কথা নয় বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে।