শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আমজাদিয়া একাডেমিতে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি এবং সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৪ অক্টোবর) আমজাদিয়া একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাঈদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মো. ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, শিক্ষার্থীদের যথাযথ শিক্ষায় গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তারা আগামী দিনের নাগরিক ও নেতৃত্বের অংশীদার। তাই পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের শিক্ষা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আমজাদিয়া একাডেমির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে তিনি আন্তরিকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মো. ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে নবনির্বাচিত এডহক কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানের একপর্যায়ে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে সম্মাননা দেওয়া হয়। পরে আমজাদিয়া একাডেমির নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করা হয়।