রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

প্রতিবেদন অনুযায়ী, পরিবহন মার্কেট থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে হলের সামনে যায়। মিছিলে কয়েকজনের হাতে রামদাসহ দেশীয় ধারালো অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা জানিয়েছেন। সাংবাদিকরা সেই দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে মিছিলকারীরা তাদের বাধা দেন এবং একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

ঘটনার পেছনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদল নেতা এম আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কয়েকজন শিক্ষার্থী।

ছাত্রদলের প্রতিক্রিয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, ঘটনাটি তারা খতিয়ে দেখছেন। সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ বা হামলায় সংগঠনের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

দুই সদস্যের তদন্ত কমিটি

ঘটনার তদন্তে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ দুই সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদ।

কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে লিখিত প্রতিবেদন কেন্দ্রীয় সংসনে জমা দিতে বলা হয়েছে। নির্দেশনাটি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।