এক মৃত বাবার মরদেহ সামনে রেখে তার শিশু সন্তানদের মাধ্যমে পাওনাদারদের ঋণ পরিশোধের হৃদয়স্পর্শী একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মৃত ব্যক্তির নাম আলী আকবার। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। উম্মে হুমায়রা কানিজ ফাতেমা নামে এক কনটেন্ট ক্রিয়েটর জানান, তিনি প্রায় আট মাস ধরে আলী আকবরের খোঁজখবর রাখছিলেন এবং তার জন্য একটি ঘরও করে দিয়েছিলেন। পরে অসুস্থ অবস্থায় আলী আকবর মারা যান।
দাফনের প্রস্তুতির সময় তার কাছে প্রায় ৬০ হাজার টাকা পাওনা থাকার কথা জানা যায়। কনটেন্ট ক্রিয়েটর জানান, পুরো টাকা সংগ্রহ করতে না পারলেও তিনি ৫০ হাজার টাকা জোগাড় করে মৃত ব্যক্তির সন্তানদের মাধ্যমে ঋণ পরিশোধের উদ্যোগ নেন।
ভিডিওতে শিশুটিকে বলতে দেখা যায়, “আমার বাবা কবরে যাওয়ার আগে আমি সব টাকা শোধ করে দিছি। আমার বাবাকে সবাই মাফ করে দেন।”
এরপর উপস্থিত কয়েকজন পাওনাদারের কাছ থেকে পাওনার পরিমাণ জানা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একজনের পাওনা ছিল ২৫ হাজার টাকা, আরেকজনের ১০ হাজার এবং অন্য একজনের ১২ হাজার ৯৬৮ টাকা। এর মধ্যে এক পাওনাদারের ১২ হাজার ৯৬৮ টাকার মধ্যে ১০ হাজার টাকা বিকাশে পরিশোধ করা হয় এবং বাকি ২ হাজার টাকা মাফ করে দেওয়ার কথা জানানো হয়।
শেষে মৃত ব্যক্তির সন্তানরা উপস্থিত সবার কাছে তাদের বাবার কোনো ভুল বা ক্ষতি হয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করে। মৃত ব্যক্তির মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বাবার জন্য সবার কাছে ক্ষমা চান।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে শিশুদের পরিস্থিতি ও কনটেন্ট ক্রিয়েটরের উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ অর্থনৈতিক সংকট ও সমাজে ঋণের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন