বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

প্রায় তিন বছর পর কোনো ম্যাচে ৭ গোল করল আর্জেন্টিনা। সর্বশেষ ২০২৩ সালের ২৮ মার্চ কুরাসাওয়ের বিপক্ষেও ৭-০ ব্যবধানে জিতেছিল তারা। স্কালোনির কোচিং আমলে এই দুই ম্যাচই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়।

তবে আর্জেন্টিনার সর্বকালের সবচেয়ে বড় জয় আরও বড় ব্যবধানে। ১৯৪২ সালের কোপা আমেরিকায় ইকুয়েডরকে ১২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে হোসে ম্যানুয়েল মোরেনো একাই ৫ গোল করেন এবং এরমিনিও মাসানতোনিও করেন ৪ গোল।

অফিশিয়াল ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় আসে ১৯৭৫ সালের কোপা আমেরিকায়। সেবার ভেনেজুয়েলাকে ১১-০ গোলে হারায় তারা।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ইতিহাসে ১৬টি ম্যাচে অন্তত ৭ গোল করেছে। এই ধারার শুরু ১৯১৬ সালের ১ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ৭-২ গোলের জয় দিয়ে।

মজার তথ্য হলো, কোনো মাসে আর্জেন্টিনা সবচেয়ে বেশি ৭ গোল করেছে অক্টোবরে—মোট পাঁচবার। ১৯২৬ সালে প্যারাগুয়ের বিপক্ষে ৮-০, ১৯২৭ সালে বলিভিয়ার বিপক্ষে ৭-১ এবং ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে ৭-০ জয়ও অক্টোবরেই হয়েছিল। সর্বশেষ বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ জয় যোগ হলো সেই তালিকায়।