গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাতে প্রীতম হাসানের ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে প্রীতম ও শেহতাজ বলেন, একসঙ্গে কাটানো সময় ও জমে থাকা স্মৃতিগুলোর জন্য তারা দুজনই কৃতজ্ঞ। এখনও পরস্পরের প্রতি যত্ন ও শ্রদ্ধা রয়েছে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে আলাদা থাকাই দুজনের জন্য ভালো হবে।

তারা জানান, দীর্ঘ সময় ধরে ভেবেচিন্তে এবং দুজনের সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সমর্থন নিয়ে তারা এখন আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন।

যৌথ বিবৃতিতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত বিষয় ও বর্তমান পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। এ সময়ে যারা তাদের পাশে থাকবেন ও বিষয়টি বুঝতে চেষ্টা করবেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

প্রীতম হাসান ও শেহতাজ মুনিরা হাশেম ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের একটি রিসোর্টে বিয়ে করেন। বিয়ের আগে পাঁচ বছরেরও বেশি সময় প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু এবং পরবর্তী সময়ে তা বিয়েতে গড়ায়। দীর্ঘ দাম্পত্যজীবনের পর এবার পারস্পরিক সমঝোতায় আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন তারা।