চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় লেখা হয়েছে—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’। সরকারি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভয়, সংকোচ ও দ্বিধা দূর করতেই এমন উদ্যোগ নিয়েছেন হাজীগঞ্জের ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।

গত ১৫ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। এখন সেবাগ্রহীতারা কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই ইউএনওর কক্ষে ঢুকে নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা বলতে পারছেন।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সরেজমিনে ইউএনওর কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী মানুষ সরাসরি তাঁর সঙ্গে দেখা করছেন। ইউএনও ধৈর্য ধরে তাদের কথা শুনছেন এবং সম্ভব হলে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান বা প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করছেন।

এর মধ্যে সত্তরোর্ধ্ব খায়রুন্নেছা নামের এক নারী ইউএনওর সঙ্গে কথা বলেন। সাক্ষাৎ শেষে তিনি স্নেহভরে ইউএনওর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন—যে দৃশ্যটি প্রতিবেদনে উঠে এসেছে।

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা বলেন, আগে বিভিন্ন প্রয়োজনে অনুমতি নিয়ে ইউএনওর কক্ষে ঢুকতে হতো। এখন সরাসরি গিয়ে কথা বলা যায়।

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জসিম রহমানও উদ্যোগটির প্রশংসা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আগে আনসার বা অফিসের কর্মচারীর মাধ্যমে অনুমতি নিতে হতো এবং অপেক্ষা করতে হতো; এখন সেই বিড়ম্বনা নেই।

ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, সরকারি অফিসে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষ সেবা নিতে এসে অনেক সময় ইতস্তত বা সংকোচ বোধ করেন। সরকারি সেবার দরজা সব সময়ই উন্মুক্ত—এই বিষয়টি বাস্তবে আরও সহজ করে তুলতেই তিনি উদ্যোগটি নিয়েছেন।