সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব নামে কুমিল্লার এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বিকেলে দেশটির পূর্বাঞ্চলের শিল্পনগরী জুবাইল শহরে এ ঘটনা ঘটে। সোমবার সকালে সেখানে কর্মরত আরেক প্রবাসী শ্রমিক রোশন আলী সরকার সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সজিবের বয়স ২৬ বছর। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার বিকেলে জুবাইল শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে সজিব ঘটনাস্থলেই নিহত হন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত মরদেহ দেশে আনা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, সৌদি আরবে কর্মরত বাগড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, কীভাবে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে দূতাবাসের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা চলছে। মরদেহ যথাসময়ে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে শোকাহত পরিবারের পাশে থাকার কথাও জানান তিনি।

মন্তব্য করুন