শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের আমজাদিয়া একাডেমিতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে একাডেমির নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাঈদ আহমেদ আসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদিয়া একাডেমির সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মো. ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার লক্ষ্য নয়; শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এবং স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। আমজাদিয়া একাডেমির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার ক্ষেত্রে তিনি পাশে থাকার চেষ্টা করবেন বলেও জানান।
সভাপতির বক্তব্যে মো. ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একাডেমির শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে নবনির্বাচিত এডহক কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে এমপি সাঈদ আহমেদ আসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।