নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘গুঞ্জন’ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সাংবাদিকদের প্রশ্নে এ বিষয়ে শুনে তিনি হাসলেও প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর হতে পারে—ভারতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘গুঞ্জনের ওপর ভিত্তি করে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশের খবর জানতে হলে বাংলাদেশের কাছ থেকেই জানতে হবে।’
তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে বলে নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দুই দেশের সচিব ও কর্মকর্তাদের পর্যায়ে সংলাপ এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এসব আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ কাটিয়ে একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরির চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর সফরের আগে কর্মকর্তাদের পর্যায়ে আলোচনা করে একটি ‘কনক্লুসিভ এনভায়রনমেন্ট’ তৈরি করতে হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি আশাবাদী কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, তিনি আশাবাদী যে সফরটি হবে। তবে সফরের তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের আলোচনার মাধ্যমে তা নির্ধারিত হওয়ার পর ঢাকার পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে চায়। খোলামেলা আলোচনার মাধ্যমে দুই দেশ সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন হুমায়ুন কবির। এ বিষয়ে বাংলাদেশ সংযম দেখাচ্ছে এবং ভারত সরকারের কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে বলে জানান তিনি।
এদিকে আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সারকথা: নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা চললেও এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ নির্ধারণ হয়নি। ঢাকা-দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন