শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এর ফলে ২০, ২১ ও ২২ অক্টোবরের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ছুটি ভোগ করা যাবে।
তবে এই ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন হলেও ওই দিন সরকারি অফিসের কার্যক্রম চলবে।
এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মন্তব্য করুন