পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলীকে ঢাকার একটি ফ্যাশন শোতে দেখা গেছে। ‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যে পরিচিতি পাওয়া এই অভিনেতার সঙ্গে একই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া।
গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নামে আয়োজিত ফ্যাশন শোতে অংশ নেন ওয়াহাজ আলী। অনুষ্ঠানে নুসরাত ফারিয়াও উপস্থিত ছিলেন।
ফ্যাশন শোর ফাঁকে ওয়াহাজের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন ফারিয়া। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’ এরপর দুজনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা যায় জামদানি মোটিফের গাঢ় বেগুনি রঙের স্ট্র্যাপলেস লেহেঙ্গা-চোলিতে। সাজে ছিল টিকলি, ভারী গলার হার, ঝুমকা ও সোনালি চুড়ি। অন্যদিকে ওয়াহাজ আলী পরেছিলেন গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট।
ফারিয়ার পোস্ট করা ছবিটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। পাশাপাশি ভক্তদের অনেকে নানা মন্তব্যও করেছেন। নুরুল আমিন নামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, এবার ওয়াহাজ আলীর সঙ্গে একটি সিনেমায় ফারিয়াকে দেখা যেতে পারে।
ওই ফ্যাশন শোতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদসহ আরও কয়েকজন পরিচিত মুখ অংশ নেন।
পাকিস্তানের টেলিভিশন নাটকে পরিচিত মুখ ওয়াহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি নাটক ও সিরিয়ালে অভিনয় করেন তিনি।
তবে ‘তেরে বিন’ নাটকই তাকে আন্তর্জাতিক দর্শকের কাছে ব্যাপকভাবে পরিচিত করে। ২০২২ সালে প্রচার শুরু হওয়া নাটকটিতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ। তার বিপরীতে ছিলেন ইয়ুমনা জায়েদি। নাটকটির গল্পের পাশাপাশি দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়নও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

মন্তব্য করুন