‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’—হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে এলাকায় যান এএসআই ইলিয়াস হোসেন। সেখানে উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়া প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন তিনি। ওই সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্য ভিডিও করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইলিয়াস হোসেনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে ভিডিওটি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরেও আসে।

এদিকে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনি ভিডিওটি দেখেছেন এবং সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এরই মধ্যে এএসআই ইলিয়াস হোসেনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।