চলতি বছরেই শিক্ষার্থীদের হাতে নতুন সিলেবাসের বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন শিক্ষাক্রমের আওতায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শিরোনামে নতুন বই দেওয়ার কথা জানান তিনি।
সোমবার রাজধানীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন শ্রেণির ১০০ জন গুণী শিক্ষককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাস্তবতার প্রয়োজন বিবেচনায় নিয়ে সরকার নতুন সিলেবাস প্রণয়নের কাজ করছে। শিক্ষার্থীরা যাতে দ্রুত নতুন শিক্ষাক্রমের বই হাতে পায়, সে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘সরকার নতুন সিলেবাস প্রণয়ন করছে। এ বছরই ইনশাআল্লাহ শিক্ষার্থীরা নতুন সিলেবাস অনুযায়ী বই তাদের হাতে পাবে।’
অনুষ্ঠানে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার গুরুত্ব তুলে ধরেন সম্মাননা পাওয়া শিক্ষকরা। তাদের বক্তব্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীও শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিক্ষকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, একটি সুষ্ঠু ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের সব শিশুকে শিক্ষার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন