সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লায়।
রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর একটি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা হামলাটি চালায় বলে জানা গেছে।
সৌদি আরবে বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার বিষয়টি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সজিব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, নিহত বাংলাদেশির পরিবারের সদস্য এবং তাঁর নিয়োগকর্তার সঙ্গে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে যোগাযোগ করেছে। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হয়েছে।
সজিব হোসেনের মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস প্রয়োজনীয় সমন্বয় করছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন