রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১৭ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ। মঙ্গলবার দুপুরে নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। একই সময়ে প্রায় ৮ কেজি ওজনের আরও একটি পাঙাশও জেলেদের জালে উঠে আসে।
পরে মাছ দুটি দৌলতদিয়া বাজারের একটি আড়তে নেওয়া হলে নিলামে অংশ নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। সর্বোচ্চ দর দিয়ে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা।
১৭ কেজি ওজনের পাঙাশটি তিনি কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় কেনেন। আর ৮ কেজি ওজনের মাছটি কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নেন তিনি।
সোহেল মোল্লা জানান, সন্ধ্যা ছয়টার দিকে বড় পাঙাশটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঢাকার এক ক্রেতার সঙ্গে মাছটি বিক্রির বিষয়ে দরদাম চলছে। কেজিপ্রতি ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হলে মাছটির দাম দাঁড়াবে ৩৯ হাজার ১০০ টাকা।
জেলে নিরঞ্জন হালদার ও তার সঙ্গীরা মঙ্গলবার মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকা থেকে পদ্মায় মাছ ধরতে যান। দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জাল ফেলে তারা নদীর স্রোতের সঙ্গে ভাটির দিকে যেতে থাকেন। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার যাওয়ার পর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার পদ্মার মোহনায় পৌঁছালে জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তারা।
এতে জেলেরা বুঝতে পারেন, জালে বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল তুলে তারা বড় পাঙাশটি দেখতে পান। এরপর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন তারা।
দুপুর ৩টার দিকে মাছটি দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের প্রয়াত সভাপতি মোহন মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে মাছটি নিলামে তোলা হলে সোহেল মোল্লা সর্বোচ্চ দর দিয়ে ১৭ কেজির পাঙাশসহ দুটি মাছ কিনে নেন।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী সোহেল মোল্লা বলেন, ১৭ কেজির পাঙাশটি কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে ৩৭ হাজার ৪০০ টাকায় কিনেছেন। ঢাকার এক ক্রেতার কাছে কেজিপ্রতি ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রির বিষয়ে কথা চলছে। দরদাম চূড়ান্ত হলে মাছটি বিক্রি করবেন তিনি।
তিনি আরও জানান, ৮ কেজির পাঙাশটিও কেজিপ্রতি ১ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন। পরে মাছটি কেজিপ্রতি ১ হাজার ৯০০ টাকা দরে মোট ১৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।
সোহেল মোল্লার ভাষ্য, বর্তমানে পদ্মা নদীতে বড় মাছের আকাল চলছে। প্রায় দুই মাস পর এবার ১৭ কেজি ওজনের একটি বড় পাঙাশ ধরা পড়েছে। আগে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়লেও সাম্প্রতিক সময়ে নদীতে বড় মাছের পরিমাণ কমে গেছে। কখনো এক-দুটি বড় মাছ ধরা পড়লেও সেগুলো অনেক সময় নদীপথেই বিক্রি হয়ে যায়।

মন্তব্য করুন