খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে (ডিসি) নজরদারি বাড়ানো ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। কোথাও কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগও পাওয়া গেছে। এ পরিস্থিতিতে খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জাহেদ উর রহমান জানান, সেপ্টেম্বর মাসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। এলপিজি নিয়ে তৈরি হওয়া সংকট দ্রুত কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রেল যোগাযোগকে সরকারের অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর নিয়েও সরকারের সিদ্ধান্তের কথা জানান তিনি। জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো কোনো সিদ্ধান্ত ব্যক্তি, সংগঠন বা কোনো গোষ্ঠীর স্বার্থের বিপক্ষে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে।

তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার যেকোনো সিদ্ধান্ত নিতে চায়।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ভিজিএফ কার্ডের আওতা বাড়ানোর কথাও জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠছে। তাদের কিছুটা স্বস্তি দিতে ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণের পাশাপাশি সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে জাহেদ উর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে হামলায় জড়িতদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে সরকার অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও সরকার আগ্রহী বলে জানান তিনি। তবে প্রকল্পটির অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে—সেটি ভিন্ন আলোচনার বিষয় বলে উল্লেখ করেন তিনি।

ব্যাটারিচালিত অটোরিকশা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এসব যানবাহনের কিছু সুবিধা রয়েছে। তবে এগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে।