ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ছবি তুলতে গিয়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়েছে দুই প্রতারক। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী। তিনি ও স্থানীয়রা জানান, বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক তাদের বাড়ির সামনে আসে। তারা রোশনা বেগমকে জানায়, সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার জন্য তারা তথ্য সংগ্রহ করছে।

একপর্যায়ে বিভিন্ন সুবিধার কথা বলে ওই নারীর পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য নেয় তারা। পরে ‘লাইভ ভেরিফিকেশন’-এর জন্য ছবি তুলতে হবে বলে জানানো হয়। রোশনা বেগম মোবাইলের ক্যামেরার দিকে তাকালে সুযোগ বুঝে দুই যুবকের একজন তার কান থেকে স্বর্ণের দুল টেনে নেয়।

ঘটনার আকস্মিকতায় ভুক্তভোগী কিছু বুঝে ওঠার আগেই প্রতারকরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, সরকারি সহায়তা বা বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলে প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এ ধরনের প্রতারণা ঠেকাতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নজরদারি আরও জোরদারের প্রয়োজন রয়েছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন কৌশলে তারা গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আস্রাব আলী বলেন, ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে তিনি জেনেছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।