আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে। বুধবার (৭ অক্টোবর) ভোরে ফিফা প্রীতি ম্যাচে বেনিনের বিপক্ষে খেলতে নেমে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও প্রথম ৪৫ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি।
এস্তাদিও মনুমেন্টালে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি। বিদায়ী ম্যাচকে ঘিরে নানা আনুষ্ঠানিকতা শেষে ১৫ মিনিট দেরিতে মাঠে গড়ায় খেলা।
ম্যাচ শুরুর আগেই ৮৫ হাজার দর্শকের ভালোবাসায় সিক্ত হন মেসি। জাতীয় সংগীতের সময় তাকে আবেগাপ্লুত দেখা যায়। এ ছাড়া ম্যাচ শুরুর আগে বেনিনের পক্ষ থেকেও মেসির হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
প্রথমার্ধে গোল না পেলেও আর্জেন্টিনার আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মেসিই। বেনিনের গোলমুখে আর্জেন্টিনার প্রথম শটটিও আসে তার পা থেকে। তবে বেনিনের গোলরক্ষক মার্সেল দান্দজিনু দৃঢ়ভাবে সেটি ঠেকিয়ে দেন।
এরপর ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু এবারও তার সামনে বাধা হয়ে দাঁড়ান দান্দজিনু। প্রথমার্ধের শেষদিকে লাউতারো মার্টিনেজের দারুণ ক্রস থেকে ভলিতে গোল করার সুযোগ পান মেসি। তবে তার নেওয়া শটটি পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
অন্যদিকে বেনিনও আর্জেন্টিনার রক্ষণে চাপ তৈরি করে গোলের সুযোগ পেয়েছে। অতিথিরা লক্ষ্যে দুটি শট নিতে পারলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় গোল পায়নি তারা।
ম্যাচের ১০ মিনিটের মাথায় রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেন। তখন মাঠের খেলোয়াড়, দুই দলের বেঞ্চে থাকা কোচিং স্টাফ এবং গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানান। মাঠের মাঝখানে দাঁড়িয়ে সেই ভালোবাসা গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
সতীর্থদের সঙ্গে মেসিও হাততালি দিয়ে দর্শকদের শ্রদ্ধার জবাব দেন। পরে গ্যালারির দিকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। প্রায় এক মিনিট ধরে চলে এই বিশেষ শ্রদ্ধা নিবেদন।
বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের আগে মাঠে নামানো হয় বিশাল আকারের ১০ নম্বর জার্সি। তবে সেখানে মেসির নামের বদলে লেখা ছিল ‘Gracias’। এরপরই গ্যালারি থেকে ভেসে আসে ‘মেসি, মেসি’ স্লোগান।

মন্তব্য করুন