দেশের জার্সিতে শেষ ম্যাচটাও নিজের মতো করেই রাঙালেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। তার নৈপুণ্যে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা। গোল ও অ্যাসিস্টে দারুণ এক বিদায়ী ম্যাচ উপহার দিয়ে মাঠ ছাড়লেন ফুটবলের মহাতারকা।
বুধবার (৭ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে আতিথ্য দেয় আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল স্বাগতিকদের। একের পর এক আক্রমণে বেনিনের রক্ষণকে চাপে রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা।
মেসিও শুরু থেকেই আক্রমণে সক্রিয় ছিলেন। বেশ কয়েকবার প্রতিপক্ষের গোলমুখে বিপজ্জনক হয়ে উঠলেও প্রথম ৪৫ মিনিটে তার কোনো প্রচেষ্টা জালে জড়ায়নি।
ম্যাচের ১০ মিনিটে মেসিকে বিশেষ সম্মান জানাতে রেফারি খেলা থামিয়ে দেন। এ সময় গ্যালারিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে এবং ‘ওলে ওলে মেসি’ স্লোগানে প্রিয় তারকাকে অভিবাদন জানান। মাঠের খেলোয়াড়রাও সেই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
এরপর আবার খেলা শুরু হলেও বিরতির আগে কোনো দলই গোল করতে পারেনি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়ে ভলিতে বেনিনের জালে পাঠান নিকোলাস ওতামেন্দি। রিভার প্লেটের এই ডিফেন্ডারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৬১তম মিনিটে আবারও মেসির অবদান। তার বাড়ানো বল কাজে লাগিয়ে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। ফলে বিদায়ী ম্যাচে জোড়া অ্যাসিস্টের কীর্তি গড়েন মেসি।
এরপর ৭১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ডি-বক্সের ভেতর অগাস্টিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
শেষ দিকে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। তবে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায়েরও সমাপ্তি হলো। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ১২৬। তার নেতৃত্বে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপাও জিতেছে আর্জেন্টিনা।
তবে মেসির মতো একজন মহাতারকাকে শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করা কঠিন। আর্জেন্টাইন ফুটবলে তার অবদান, জাদুকরি পারফরম্যান্স আর অসংখ্য স্মৃতি ভক্তদের কাছে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।

মন্তব্য করুন